২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হওয়ার পর প্রথমবারের মতো নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টিনা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ফুটবলে প্রতিযোগিতা শুধু জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দলের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়াই আসল বিষয়।

স্পেনের বিপক্ষে ফাইনালে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসি তারকাকে। ম্যাচের কয়েকদিন পর ইনস্টাগ্রামে এনজো লেখেন, ‘সময় যত যায়, ততই বুঝতে পারি যে একটি ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে।’

আরও পড়ুন

হৃদয়ভাঙা কান্নার পর অবসরের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

এরপর তিনি আর্জেন্টিনা দলের মানসিকতা ও লড়াকু চরিত্রের প্রশংসা করেন, ‘বহু বছর ধরে এই দল আমাদের ভালোভাবে প্রতিনিধিত্ব করেছে। এই দল শেখায়, প্রতিযোগিতা মানে শুধু জয় নয়; বরং জার্সির জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়া এবং কখনো হাল না ছাড়া। এই দলের অংশ হতে পারা, যারা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়েছে এবং গর্ব, বিনয় ও অঙ্গীকার নিয়ে এই রংগুলোর প্রতিনিধিত্ব করেছে-এটা আমার জন্য গর্বের।’

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘সব আর্জেন্টাইন সমর্থককে ধন্যবাদ। প্রতিটি ম্যাচে আমাদের পাশে থাকার জন্য, নিঃস্বার্থ সমর্থন ও ভালোবাসার জন্য এবং বিশ্বের যেকোনো প্রান্তে আমাদের ঘরের মতো অনুভব করানোর জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন

লাউতারো মার্টিনেজ / ‘মাঠে নেমে দলকে সাহায্য করতে পারলে ভালো লাগতো কিন্তু তা হয়নি’

সবশেষে জাতীয় দলের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এনজো লেখেন, ‘আমার দেশের জার্সি পরা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। আর যখনই এই জার্সি রক্ষা করার সুযোগ পাব, আমি সর্বোচ্চটা দিয়ে লড়াই করে যাব।’

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড পাওয়ার হতাশা থাকলেও, এনজো ফার্নান্দেজের বার্তায় স্পষ্ট-পরাজয়ের পরও আর্জেন্টিনার হয়ে খেলার গর্ব ও দায়বদ্ধতা তার কাছে আগের মতোই অটুট।

আরআর/এমএমআর