ভারতের রাজধানী দিল্লার ঐতিহাসিক লাল কেল্লায় বোমা হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়। তবে পুরো এলাকা তল্লাশি শেষে পুলিশ জানায়, এটি ছিল ভুয়া হুমকি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) এক ব্যক্তি মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে লাল কেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর মুম্বাই পুলিশ বিষয়টি দ্রুত দিল্লা পুলিশকে জানায়। খবর পেয়ে উত্তর দিল্লা জেলা পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা তল্লাশি চালায়।

দীর্ঘ তল্লাশির পর কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু না পাওয়ায় পুলিশ হুমকিটিকে ভুয়া বলে ঘোষণা করে।

প্রায় আট মাস আগে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় কাশ্মীরভিত্তিক একটি জঙ্গি চক্রের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তদন্তে আল-কায়েদা-ঘনিষ্ঠ সংগঠন আনসার গাজওয়াত-উল-হিন্দ–এর সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।

এছাড়া চলতি বছরের মে মাসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পলাতক ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে নয়জনকে গ্রেফতার করে দিল্লা পুলিশের স্পেশাল সেল।

তদন্তকারীদের দাবি, তারা দিল্লি, মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। তাদের সম্ভাব্য লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, বিমানবন্দর, রেলস্টেশন এবং বিদ্যুৎকেন্দ্র।

সূত্র: এনডিটিভি

এমএসএম