২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আজ অন্যতম ফেভারিট স্পেনের সাক্ষাৎ হবে পর্তুগালের সঙ্গে। বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে দুই ইউরোপীয় জায়ান্টের দ্বৈরথের আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে একটি সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকাকে। সাক্ষাৎকারের চুম্বক অংশ এখানে-
প্রশ্ন : লামিনে ইয়ামাল বলেছেন, যাদের বিরুদ্ধে তিনি খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নুনো মেন্দেস। শেষ ষোলোতে নুনোকে মোকাবিলার আগে লামিনেকে আপনি কী পরামর্শ দেবেন?
কোচ : ক্লাব ও দেশের হয়ে লামিনে ইতোমধ্যে নুনোর বিপক্ষে খেলেছে। লামিনে প্রতিভাবান। সে এখনো উন্নতির পথে রয়েছে। উন্নতির প্রতিটি ধাপে, অভিজ্ঞতার প্রতিটি স্তরে সে আরও ধারালো হবে।
প্রশ্ন : আচ্ছা, বলুন তো সুখের রং কী?
কোচ : বয়স হলে আপনি বুঝতে পারবেন যে, সুখ হলো এমন একটি বিষয়, যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। মানে, আমি বলতে চাচ্ছি, আপনার জন্য যা গুরুত্বপূর্ণ, সেটাই সুখ। সুন্দর জীবন এবং সুস্বাস্থ্যই সুখ কিংবা সুখের রং।
প্রশ্ন : ওইয়ারসাবাল কি স্বভাবজাত স্ট্রাইকার, না ‘ফলস নম্বর নাইন’?
কোচ : সে একজন শীর্ষমানের ফুটবলার। যে কোনো পজেশনে খেলতে অভ্যস্ত। ম্যাচের প্রতিটি মুহূর্ত সে পড়তে পারে। একদিন সে কোচ হবে। কারণ, ওইয়ারসাবাল খেলাটা খুব ভালো বোঝে।
প্রশ্ন : পেদ্রি সম্পর্কে কী বলবেন?
কোচ : সে একজন জাদুকর। ওর কোয়ালিটি, ট্যালেন্ট অতুলনীয়। আমার এক স্কুল শিক্ষক আমাদের একবার টেকনিকের সংজ্ঞা ব্যাখ্যা করেছিলেন। বলেছিলেন, প্রতিভা হচ্ছে সব প্রতিকূলতা পায়ে ঠেলে খুব একটা পরিশ্রম না করে কোনো কাজ আদায় করে নেওয়ার টেকনিক। পেদ্রি এই কাজে সুদক্ষ। সে সবচেয়ে কঠিন কাজ খুব সহজে করে ফেলে। এমন সাবলীল ফুটবল এত সহজে খেলে, যা খুব কম খেলোয়াড়ের পক্ষেই সম্ভব। এই গুণ জিনিয়াসদের থাকে। (সংক্ষেপিত)








