সমুদ্রপথে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ায় অনুপ্রবেশের পর দেশটির গানফুদা ও তাজুরা বন্দিশালায় আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। আজ মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরানো হয়। চলতি বছর দেশটির বন্দিশালা থেকে এ পর্যন্ত এক হাজার ৭২৩ জনকে দেশে ফেরাল সরকার।

িবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে এদের পথ খরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

জনসচেতনতা বাড়াতে লিবিয়ার বন্দিশালা থেকে ফেরত বাংলাদেশিদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।

ইউরোপে যাওয়ার জন্য লিবিয়াতে গিয়ে আটকে পড়ার পর দেশটির বন্দিশালায় থাকা বাংলাদেশিদের ধারাবাহিকভাবে দেশে ফেরানো হচ্ছে। চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি ১৭৫ জন, ৬ মার্চ ১৬৫ জন, ১ এপ্রিল ১৭৫ জন, ২৩ এপ্রিল ১৭৪ জন, ৭ মে ১৭৪ জন, ২০ মে ১৭০ জন, ১ জুন ১৭৪ জন, ২৪ জুন ১৭০ জন এবং ২৫ জুন ১৭২ জনকে দেশে ফেরানো হয়।