বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ, অথচ শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসির জার্সি কেউ নিতে চাইছেন না—এমন দৃশ্য কল্পনা করাও কঠিন; কিন্তু সেই চেনা স্রোতের বিপরীতে হেঁটে চমকে দিলেন কেপ ভার্দের তরুণ ডিফেন্ডার লোপেস কাবরাল।
আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর লড়াইয়ে নামার আগে তিনি জানিয়ে দিলেন, মহামূল্যবান সেই ‘১০ নম্বর’ জার্সি নয়, তাঁর চাওয়া আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির জার্সি।
২৩ বছর বয়সী এই ফুলব্যাকের এমন চাওয়ার পেছনে অবশ্য লুকিয়ে আছে এক অদ্ভুত আবেগ ও বন্ধুত্বের গল্প। গত মৌসুমে বেনফিকায় ওতামেন্দির কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন তিনি। বিশ্বকাপের ঠিক আগেই কাবরাল নাম লিখিয়েছেন তুরস্কের ক্লাব ত্রাবজোন্সপোরে।
অন্যদিকে পর্তুগালের ক্লাব বেনফিকা ছেড়েছেন ওতামেন্দিও। অভিজ্ঞ এই ডিফেন্ডার এখনো নতুন কোনো ক্লাবে যোগ দেননি, তবে ফুটবল পাড়ায় জোর গুঞ্জন তাঁর পরের গন্তব্য আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাবরালের কাছে জানতে চাওয়া হয়েছিল, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষে তিনি মেসির জার্সিটি চেয়ে নেবেন কি না। প্রশ্নটা শুনেই হেসে কাবরাল বলেন, ‘মেসি? না, না। আমি জার্সি বদল করব ওতামেন্দির সঙ্গে। এই মৌসুমের আগ পর্যন্ত তিনি আমার সতীর্থ ছিলেন।’

বন্ধুত্বের টান যে বিশ্বসেরার জার্সি নেওয়ার মোহকেও অনায়াসে হার মানাতে পারে, কাবরালের এই ছোট্ট উত্তর যেন তারই উদাহরণ। বাংলাদেশ সময় আগামী শনিবার শেষ ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে এবারের আসরের সবচেয়ে বড় চমক কেপ ভার্দে।
মাঠের লড়াইয়ে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসির মুখোমুখি হতে মুখিয়ে আছেন কাবরাল। ফুটবলের জাদুকরকে নিয়ে তাঁর মনে শ্রদ্ধার কমতি নেই একটুও।
পেলে-মেসির যে রেকর্ড ভেঙে দিতে পারেন ওলিসেকাবরাল বললেন, ‘খেলোয়াড়দের জন্য মেসির বিপক্ষে খেলাটা দারুণ সম্মানের। তিনি সর্বকালের সেরা। তবে মাঠের লড়াইয়ে আমরা নিজেদের খেলা নিয়েই ভাবছি। কীভাবে ম্যাচটা খেলব, আমাদের পুরো মনোযোগ এখন সেখানেই।’
ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপ খেলছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে আর সৌদি আরবের মতো কঠিন গ্রুপে পড়েও তারা কিন্তু মচকায়নি। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে, তিন তিনটি ড্র নিয়ে নাম লিখিয়েছে নকআউটে।
ইতিহাস ব্রাজিলের বিপক্ষে, তবু হলান্ড বলছেন, ‘সম্ভাবনা ক্ষীণ’







