অভিনয় কিংবা মডেলিং নয়, নিজের ফ্যাশন হাউজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন জান্নাতুল ফেরদৌস টুম্পা। ‘গয়না বাকসো’ শুরু করেছিলেন নিজের ডিজাইন করা গয়না দিয়ে। এখন সেখানে পোশাকও আছে। নিজেই নিজের প্রতিষ্ঠানের প্রচারণা করেন। লাইভে অনেকের অনুপ্রেরণা তিনি। এরই মধ্যে মডেলিং ও অভিনয় করারও প্রস্তাব পেয়েছেন; কিন্তু টুম্পা নিজেকে একজন ব্যবসায়ী হিসাবেই প্রতিষ্ঠিত করার জন্য নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘অভিনয় কিংবা বিজ্ঞাপনে মডেল হওয়ার ইচ্ছা যে একেবারেই নেই, তা নয়। বিষয়টি যদি ক্রিয়েটিভ কিছু হয়, সেক্ষেত্রে ভেবে দেখা যেতে পারে। বাণিজ্যিকভাবে এ মাধ্যমে নিজেকে যুক্ত করার আগ্রহ নেই আমার। গয়না বাকসো নিয়েই থাকতে চাই আপাতত। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার প্রতিষ্ঠান পরিচালনা করে যেতে চাই। ব্যবসায়িক কারণে যে সম্মান ও ভালোবাসা আমি পাই, এ ভালোবাসাটাই আজীবন ধরে রাখতে চাই। আমার প্রতিষ্ঠানের প্রতি, আমার প্রতি যতদিন ক্রেতাদের আগ্রহ থাকবে, সম্মান থাকবে-ততদিনই আমিও ক্রেতাদের পাশে থাকব।’