মাঝরাতে সড়কের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে জন্মদিন উদযাপন, উচ্চ শব্দে হইচই এবং পরে এয়ারগান থেকে গুলি ছুড়ে উল্লাস। এরই মধ্যে এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জন্মদিন উদযাপনের নামে এই বিশৃঙ্খল ঘটনা ঘটে ভারতের মুম্বাই শহরের বোরিভালির গোরাই-২ এলাকায়।
ঘটনার ভিডিওতে দেখা যায়, বুধবার (৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোরাই-২ এলাকার ঘরকুল কো-অপারেটিভ হাউজিং সোসাইটির কাছে একটি কালো রঙের ইনোভা গাড়ি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। গাড়িটির বোনেটের ওপর একাধিক কেক রাখা ছিল। যার জন্মদিন উদযাপন করা হচ্ছিল, তিনি সেখানেই কেক কাটেন।
সেসময় তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা, যাদের বন্ধু বলে ধারণা করা হচ্ছে, প্রকাশ্য সড়কে উচ্চ শব্দে হৈচৈ করে জন্মদিন উদযাপন করতে থাকেন ও এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন।
বড় সংখ্যক মানুষের জমায়েতের কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। একই সঙ্গে উচ্চ শব্দের কারণে জনশৃঙ্খলাও বিঘ্নিত হয়।
তবে এসবের কোনো কিছুই উদযাপনে অংশ নেওয়া ব্যক্তিদের থামাতে পারেনি। একপর্যায়ে তারা একটি এয়ারগান বের করেন ও উপস্থিত একজন সেটি থেকে গুলি ছোড়েন। পরে জানা যায়, ওই এয়ারগান থেকে ছররা গুলি ছোড়া হয়েছিল।
বোরিভালি পুলিশের ভাষ্য অনুযায়ী, ব্যবহৃত অস্ত্রটি ছিল একটি ‘বেবি এয়ারগান’। এটি ঘটনাস্থলে নিয়ে এসেছিলেন যতীন শর্মা। পরে ওই এয়ারগান থেকে গুলি ছোড়েন বিজেশ উপাধ্যায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের এই কর্মকাণ্ড আশপাশে থাকা অন্য মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছিল। এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন আকাশ গুপ্ত, যতীন শর্মা ও বিজেশ উপাধ্যায়।
ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), মোটরযান আইন, মহারাষ্ট্র পুলিশ আইন ও ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুরো ঘটনার বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি
এসএএইচ








