ঋণের চাপ এবং আর্থিক সংকটের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার মডেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম ওরফে লাভলু (৫২)। পরিবারের বরাত দিয়ে শুক্রবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার অন্বয়পুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, বিভিন্ন মামলা-মোকদ্দমা, ঋণের চাপ এবং আর্থিক সংকটের কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের বোঝাও তার ওপর ছিল। তিনি চার পুত্র ও এক কন্যার জনক। তৃতীয় স্ত্রীকে নিয়ে সংসার করতেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রেজাউল করিম ঋণের চাপ, শারীরিক অসুস্থতার কারণে মানসিক সমস্যার মধ্যে ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।