মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, ব্যক্তিগত কাজে অফিস কক্ষ থেকে বের হওয়ার ১০ মিনিটের মধ্যে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আমার কক্ষে থাকা টিভি, এসি, আলমিরা ও সোফাসহ সব আসবাবপত্র পুড়ে গেছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আজম আলী বলেন, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে থানা থেকে আগুন লাগার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।