মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের অফিস কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষে থাকা টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আদম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অফিস কক্ষে থাকা একটি টেলিভিশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, তিনি অফিস কক্ষ থেকে বের হওয়ার কিছুক্ষণ পর আগুন লাগার খবর পান। পরে ঘটনাস্থলে এসে দেখেন, তার অফিস কক্ষের টেলিভিশন, এসি ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মো. সজল আলী/কেএইচকে/জেআইএম








