মাঠে খেলেছে কানাডা, জিতেছে মরক্কো। দারুণ গতি আর আক্রমণে কানাডা বীরের মতো লড়াই করলেও তাদের ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। ম্যাচ শেষে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহাবি জানান, তাদের দল এখন আর কোনো ‘চমক’ নয়, বরং বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে। এদিকে বড় ব্যবধানে হারলেও শিষ্যদের পারফরম্যান্সে খুশি কানাডার কোচ জেসি মার্শ।

শনিবার রাতে হিউস্টনে শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধে কানাডাই ছিল বেশি আক্রমণাত্মক। খেলার নিয়ন্ত্রণও ছিল তাদের হাতে। বিরতির পর বদলে যায় দৃশ্যপট। ৫০ ও ৮২ মিনিটে আজ্জেদিন উনাহি জোড়া গোল করে মরক্কোকে এগিয়ে দেন। যোগ করা সময়ের শেষ মুহূর্তে সুফিয়ানে রাহিমি তৃতীয় গোল করলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় আফ্রিকার প্রতিনিধিদের। কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স। ম্যাচ শেষে ওয়াহাবি বলেন, ‘আমরা এখন আর চমক নই, এটাই সবচেয়ে বড় গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এটি সবে শুরু। আগামী অনেক বছর আমরা এমন ধারাবাহিক সাফল্য ধরে রাখতে চাই।’