যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। তেহরান বলছে, তাদের হামলায় ওমানে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এছাড়া জর্ডান ও কুয়েতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে রোববার রাতে এটি চতুর্থ দফা পালটাপালটি হামলা।

সোমবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, উভয় দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা যখন ক্ষীণ হয়ে আসছে। ওয়াশিংটন তখন একের পর এক হামলা চালিয়ে উত্তেজনা বাড়াচ্ছে। জবাবে ইরানও ব্যাপক হামলা চালাচ্ছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানায়, রোববার রাতে ওমানে মার্কিন স্থাপনায় তারা বড় হামলা চালিয়েছে। এর লক্ষ্যবস্তু ছিল ওমানে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার আকাশ-নজরদারি রাডার এবং জাহাজ শনাক্তের রাডার; হামলায় ব্যয়বহুল এসব রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

বাহরাইনের জুফফায়ারে মার্কিন সেনাবাহিনীর স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি বলছে, তারা বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির বেশ কয়েকটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। জর্ডানের সেনাবাহিনী সোমবার জানায়, তারা ইরানি ভূখণ্ড থেকে আসা এবং জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ভূপাতিত করেছে। তবে আইআরজিসি বলছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বেশ কয়েকটি জ্বালানি ও গোলাবারুদের গুদামে আগুন ধরে যায়।

কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতেও হামলা হয়েছে। এতে দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ও ক্ষেপণাস্ত্র ভর্তি গুদামে আগুন ধরে যায়। এগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরান এসব পালটা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচলের ওপর ইরানের ক্রমাগত হামলার সক্ষমতা কমিয়ে আনার লক্ষ্যে তারা ‘নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে একাধিক স্থানে ডজনখানেক লক্ষ্যবস্তুতে’ আঘাত হেনেছে। তারা বলছে, এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল- ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট আকারের নৌযান।

সেন্টকম জানায়, তারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, নৌ-জাহাজ, ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন এবং ওয়ান-ওয়ে অ্যাটাক সি-ড্রোন মোতায়েন করেছে। ইরানের পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি সোমবার বার্তা সংস্থা আইএসএনএকে জানান, মার্কিন বাহিনী রাতের আঁধারে খুজেস্তানজুড়ে অন্তত আটটি স্থানে হামলা চালিয়েছে। মাহশাহর এলাকায় একটি কৃষি-সেচপাম্প স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও চারজন আহত হন।

সোমবার ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, হরমুজ প্রণালির তীরবর্তী শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের লুকাস মডেলের একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।

এদিকে রোববার এনবিসি টিভি নেটওয়ার্কের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের ‘অত্যন্ত খারাপ লোক’ বলে মন্তব্য করেন। তাদের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তোলেন। এর আগে ইরান অভিযোগ করে, মার্কিন বাহিনী আলোচনা চালানোর সময়ই দুবার তাদের ওপর হামলা চালায়। দ্বিতীয় দফা ওমানের মধ্যস্থতায় আলোচনা চলার সময় ইরানের সর্বোচ্চ নেতাকে বোমা ফেলে হত্যা করা হয়।

জ্বালানি তেলের দাম বাড়ছে : হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের নতুন সংঘাত শুরুর জেরে জ্বালানি তেলের দাম এক লাফে বেড়ে গেছে। তেহরান হরমুজ বন্ধ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশেরও বেশি বেড়েছে। ওয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৭৮ দশমিক ৪৫ ডলারে, যা ২২ জুনের পর সর্বোচ্চ।