মৌলভীবাজারের বন্যাকবলিত দুর্গম এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। সংগঠনটির উদ্যোগে বন্যাদুর্গত অসুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বাফওয়ার সভানেত্রী সালেহা খানের উদ্যোগ ও দিকনির্দেশনায় মৌলভীবাজার র্যাডার ইউনিটের তত্ত্বাবধানে জেলার রাজনগর এলাকায় এ চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসময় চিকিৎসক দল বন্যাদুর্গতদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
আইএসপিআর জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী ও বাফওয়ার মানবিক কার্যক্রম বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এ লক্ষ্যে বিমান বাহিনী প্রধান এরই মধ্যে বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটকে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
টিটি/এমকেআর








