রাজধানীর ভাটারা থানাধীন নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়েছেন মো. তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী।

রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তৌহিদ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কাকুরিয়া মাছিমা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে রাজধানীর ভাটারা থানা এলাকায় বসবাস করতেন।

তৌহিদের সহকর্মী কামরুল জানান, নতুনবাজার এলাকায় ময়লা ফেলার ডাস্টবিন নিয়ে স্থানীয় ‘হেলাল গ্রুপ’-এর সঙ্গে বিরোধ চলছিল বেশ কয়েকদিন ধরে। রাতে হঠাৎ ডাস্টবিনের সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অতর্কিত গুলি চালালে এতে তৌহিদের পায়ে গুলি লাগে।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখান থেকে রাত ৯টা ১৫ মিনিটের দিকে চিকিৎসক তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতাল রেফার করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভাটারার নতুনবাজার এলাকা থেকে তৌহিদ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তার পায়ে গুলি লেগেছে, পরে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতাল রেফার করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/এএমএ