ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের প্রভাবে সিলেটের প্রধান নদ-নদীর পানি বাড়ছে। জেলার অধিকাংশ নদীর পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও উজানের ঢলের কারণে ধারাবাহিকভাবে পানি বাড়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দৈনিক পর্যবেক্ষণ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, শনিবার দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৩৪ সেন্টিমিটার। এ পয়েন্টে পানির বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। সিলেট পয়েন্টে পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৮০ সেন্টিমিটার। এ পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার।
কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫১ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১২ দশমিক ১১ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯ দশমিক ৬৯ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে ৮ দশমিক ৫০ সেন্টিমিটার। এসব পয়েন্টের প্রতিটিতেই পানির উচ্চতা এখনও বিপৎসীমার নিচে রয়েছে।
অন্যদিকে সারী-গোয়াইন নদীর পানি জাফলং পয়েন্টে ১০ দশমিক ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে পানির বিপৎসীমা ১০ দশমিক ৮২ সেন্টিমিটার।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে সিলেটের সব নদ-নদীর পানি বাড়ছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।
আহমেদ জামিল/এএইচ








