শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার অপরাধে হাউস আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক আলি মাসুদ শেখ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হাউস আলী মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আহমদ আলী ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ৮ বছর পূর্বে হাউস আলীর সাথে সহড়াবাড়িয়া গ্রামের আবু বক্করের মেয়ে আম্বিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর নানা অত্যাচারসহ ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকার অভিযোগ এনে আম্বিয়া খাতুন স্বামীকে তালাক দেন। এতে হাউস আলী ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ৭ মে রাতে শ্বশুরবাড়িতে উপস্থিত হন। সেখানে স্ত্রীকে না পেয়ে শাশুড়ি ফুলসুরাতনের (৬৬) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
এ সময় ফুলসুরাতনের চিৎকারে লোকজন ছুটে এলে হাউস আলী পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনায় আম্বিয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় হাউস আলী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. মুস্তাফিজুর রহমান তুহিন। এবং আসামী পক্ষে ছিলেন অ্যাড. শহিদুল ইসলাম কৌশলী।








