তার জোড়া গোলে বিশ্বকাপের শেষ বত্রিশ পর্বে সুইডেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। সেই ম্যাচে রেকর্ড গড়েছেন তিনি। ম্যাচের পর কিলিয়ান এমবাপ্পে জানিয়ে দিলেন, এবারও বিশ্বকাপটাই তার লক্ষ্য। লিওনেল মেসির কয়টা গোল হলো, সেদিকে তিনি নজর দিতে চান না। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (১৯) পরেই রয়েছেন এমবাপ্পে (১৮)। সেই প্রসঙ্গ তুলতেই এমবাপ্পে বলেন, ‘গোলটা করেছি, কারণ ১৯ জুলাই ফাইনাল খেলতে এখানে (নিউজার্সি) আসতে চাই। আমরা সব ম্যাচ জেতার চেষ্টা করছি। এক ধাপ করে এগোনোর চেষ্টা করছি। যত বেশি গোল করবেন তত বেশি র‌্যাংকিংয়ে উপরে উঠবেন। কাউকে নতুন কিছু শেখাতে আসিনি।’ এমবাপ্পে আরও বলেন, ‘আমি জানি, লিও আরও অনেক গোল করবে। সেদিকে নজর দিতে চাই না। আমি দেখতে চাই কাদের বিরুদ্ধে ভবিষ্যতে আমাদের খেলতে হতে পারে। ফাইনালের দিকে কতটা এগিয়েছি, সেটা নিয়ে ভাবতে চাই।’ প্রি-কোয়ার্টারে প্যারাগুয়ের সঙ্গে খেলতে হবে ফ্রান্সকে। তারা জার্মানির মতো দলকে ছিটকে দিয়ে খেলতে নামবে। এমবাপ্পে তা নিয়েও ভাবতে রাজি নন। বলেন, ‘আপাতত মাঝের এই সময়টায় পরিশ্রম করতে হবে। দেখতে হবে, প্যারাগুয়ে ম্যাচে কতটা উন্নতি করতে পারি। এখনো অনেক জায়গায় খামতি থেকে গেছে। সেগুলো ঠিক করতে হবে। দলের মানসিকতা ইতিবাচক। আমাদের গোল করার ক্ষমতা রয়েছে। ফলে আমরা সব ম্যাচেই এগিয়ে যেতে পারি।’ মায়ের মৃত্যুর পর এই ম্যাচে ফ্রান্সের ডাগআউটে ফিরেছিলেন কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘যেটা দরকার ছিল সেটা করেছি আমরা। প্রথম ১৫ মিনিটে ভালো খেলতে পারিনি। তারপর অনেক সুযোগ তৈরি করেছি। প্রথমার্ধে নিখুঁত হতে পারিনি, এটাই আমার একমাত্র আক্ষেপ।’