বিশ্বকাপের শেষ বত্রিশ পর্বে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে মাথা উঁচু করে বিদায় নিয়েছে কেপ ভার্দে। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও দুর্দান্ত লড়াইয়ে কামব্যাক করেছে ‘ব্লু শার্ক’রা। খোদ লিওনেল মেসি মুগ্ধ খুদে প্রতিপক্ষের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় মানসিকতায়। নিজেদের বিদায়ে কেপ ভার্দের ৪০ বছর বয়সি গোলকিপার ভোজিনিয়া বলেন, ‘আমরা গর্বিত। বিশ্বজয়ীদের বিরুদ্ধে সমানে-সমান লড়েছি। ম্যাচটা জিততেই পারতাম।’
এবারই প্রথম বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে ৩-২ গোলে জেতা স্বস্তির নয় আর্জেন্টিনার জন্য। মিস পাস, গাছাড়া মনোভাব, ডিফেন্সে ফাঁকফোকর নিয়ে দুশ্চিন্তা থাকবে। ম্যাচের পর মেসি বলেন, ‘সত্যি বলতে, আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। এজন্যই ওরা স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি। আমরা ভেবেছিলাম গোলের পর ছন্দ খুঁজে পাব। কিন্তু ঘটল তার উলটো। আমরা ভালোভাবে চাপ তৈরি করতে পারিনি। যেটা ওরা পেরেছে। এটা একটা নকআউট টুর্নামেন্ট। এখানে কেউ আপনাকে জায়গা ছেড়ে দেবে না।’
সাক্ষাৎকার আচমকা বাধা পড়ে। কারণ, কেপ ভার্দের ফুটবলাররা মেসির সঙ্গে ছবি তুলতে চান। আর্জেন্টাইন মহাতারকা সবার সঙ্গে হাসিমুখে ছবি তোলেন। ম্যাচের আগে কেপ ভার্দের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তার দলের ফুটবলার মেসির ভক্ত। ম্যাচের পর সেটাই দেখা গেল।
গোলকিপার ভোজিনিয়াও বলেন, ‘আমরা বিশ্বজয়ীদের বিরুদ্ধে খেলেছি। সমানে-সমানে লড়েছি। ম্যাচ জেতার সুযোগও ছিল। আমরা গর্বিত। তবে মন খারাপও আছে। আমরা এভাবে ফিরতে চাইনি। আমরা এমন প্রাপ্তির জন্য কৃতজ্ঞ। সতীর্থ, কোচ, ফেডারেশন, সমর্থকদের ধন্যবাদ। এবার ভবিষ্যতের দিকে তাকাতে চাই। আশা করব, আমাদের তরুণ প্লেয়াররা বিশ্বের সেরা লিগগুলোতে খেলার সুযোগ পাবে।’








