বার্সেলোনা ও স্পেনের মিডফিল্ডার পেদ্রি ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে, এই বয়সেও মেসি যা করে চলেছেন, তা অবিশ্বাস্য। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, বিশ্বকাপের ফাইনালে নিজের সাবেক সতীর্থ ও আর্জেন্টাইন কিংবদন্তির বিপক্ষে খেলাই তার স্বপ্ন।

বার্সেলোনায় আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে পেদ্রির। তাই তার কাছে ইতিহাসের সেরা ফুটবলার নিয়ে কোনো দ্বিধা নেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে পেদ্রি বলেন, ‘আমি তাকে উপভোগ করছি। প্রতিদিন তার সঙ্গে অনুশীলন করার সময়ও তাকে উপভোগ করেছি। তিনি যা করছেন, তা সত্যিই অবিশ্বাস্য। এই বয়সে তিনি যা করছেন, তা কেবল তার মতো মানসম্পন্ন খেলোয়াড়ের পক্ষেই সম্ভব। আমার কাছে ইতিহাসের সেরা ফুটবলার তিনিই।’

স্পেনকে শেষ ষোলোতে পর্তুগালের বাধা পার হতে হবে। তবে পেদ্রি ইতোমধ্যেই বিশ্বকাপের স্বপ্নের ফাইনাল কল্পনা করছেন। মেসির বিপক্ষে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে উচ্ছ্বাস প্রকাশ করেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘এটা দারুণ এক স্বপ্ন হবে। কারণ এর অর্থ হবে আমরা বিশ্বকাপের ফাইনালে উঠেছি। সেটি অবশ্যই খুব ভালো একটি ব্যাপার হবে।’

তবে মেসির বিপক্ষে সম্ভাব্য ফাইনালের আগে স্পেনকে কঠিন পরীক্ষা দিতে হবে পর্তুগালের বিপক্ষে। সেই ম্যাচে প্রতিপক্ষের অন্যতম বড় অস্ত্র পিএসজির মিডফিল্ডার ভিতিনহা। তাকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার বলে উল্লেখ করেছেন পেদ্রি।

তিনি বলেন, ‘ভিতিনহা অসাধারণ। বিশেষ করে বল নিয়ন্ত্রণ এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার দারুণ। তার বিপক্ষে খেলার সময় আমি অবাক হয়েছিলাম এটা দেখে যে তিনি কতটা দৌড়াতে পারেন। তিনি কখনো স্থির থাকেন না। সব সময় ফাঁকা থাকা সতীর্থকে বল দেন। আমি আগেও বলেছি, তিনি অসাধারণ এবং বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন।’

এখন দেখার বিষয়, শেষ ষোলোর এই লড়াইয়ে পেদ্রি নাকি ভিতিনহা-কার মিডফিল্ডের দাপটে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয়।

আরএএইচইউএল/আইএন