যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরিয়ান বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে চলমান বিতর্কে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান এই কোচের দাবি, যদি সত্যিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে এ বিষয়ে আলোচনা হয়ে থাকে, তবে সেটি ফুটবলের জন্য উদ্বেগজনক।
বর্তমানে জার্মান টেলিভিশন ম্যাজেন্টা টিভির বিশ্লেষক হিসেবে কাজ করা ক্লপ বলেন, ‘যদি ট্রাম্প এবং ইনফান্তিনো সত্যিই এ নিয়ে কথা বলে থাকেন, তাহলে আমরা পাগলাগারদে বাস করছি। এটি আমাদের খেলা, তাদের নয়। এই দুই ব্যক্তি ফুটবল সম্পর্কে কিছুই বোঝেন না এবং এই খেলার সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকা থাকা উচিত নয়।’
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগুন। পরে ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলার সুযোগ পান তিনি। ফিফার এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।
ক্লপের মতে, রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু একবার সিদ্ধান্ত কার্যকর হয়ে গেলে সেটি নিয়ম অনুযায়ী বহাল থাকা উচিত।
তিনি বলেন, ‘আমরা সবাই ভুল সিদ্ধান্ত নিই। জীবনে সেই ভুল সিদ্ধান্ত মেনেই চলতে শিখতে হয়। অতীতেও অনেক হাস্যকর লাল কার্ড হয়েছে, যেগুলো সবার কাছেই ভুল মনে হয়েছে। কিন্তু তবুও সেগুলো বহাল ছিল, কারণ সিদ্ধান্ত হয়ে গিয়েছিল।’
সবশেষে ক্লপ জোর দিয়ে বলেন, ‘বালোগুনের বহিষ্কার সঠিক কি ভুল, সেটি ভিন্ন বিষয়। কিন্তু নিয়ম অনুযায়ী লাল কার্ডের শাস্তি কার্যকর হওয়ার কথা। তাই নিয়মই এখানে অনুসরণ করা উচিত ছিল।’
বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনাকে ঘিরে ইতোমধ্যে ফুটবল অঙ্গনে বিভক্ত মতামত দেখা দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তাদের কোচ মাউরিসিও পচেত্তিনো ফিফার সিদ্ধান্তকে ন্যায্য বলছেন, অন্যদিকে বেলজিয়াম ফুটবল ফেডারেশন ও ইয়ুর্গেন ক্লপের মতো অনেকেই এটিকে ফুটবলের নিয়ম ও ন্যায্যতার জন্য প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
আরআর/আইএন








