২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের জন্য বিশেষ সংস্করণের ম্যাচ বল উন্মোচন করেছে ফিফা। প্রতি বিশ্বকাপের মতো এবারও নকআউটের শেষ ধাপের জন্য আলাদা নকশার বল এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

‘ট্রাইওন্ডা’ (Trionda) নামের এই বিশেষ বলটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সোনালি (গোল্ড) রঙের নকশা। ফিফার মতে, টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মর্যাদা তুলে ধরতেই এই বিশেষ ডিজাইন করা হয়েছে।

নিউইয়র্কের বিখ্যাত রকফেলার সেন্টারের বিপরীতে অবস্থিত অ্যাটলাস মনুমেন্টের ওপর বিশাল আকৃতির এই বলটি প্রদর্শন করা হয়েছে। এটি আগামী ২০ জুলাই পর্যন্ত সেখানে প্রদর্শিত হবে।

নতুন বলটির প্যানেলে সেমিফাইনাল ও ফাইনালের আয়োজক শহরগুলোর নামও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডালাস ও আটলান্টা (সেমিফাইনাল), মিয়ামি (তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ) এবং নিউইয়র্ক নিউ জার্সি (ফাইনাল)।

এছাড়া বলটিতে তিনটি স্বাগতিক দেশের প্রতীকও ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে তারকা, কানাডার জন্য রয়েছে ম্যাপল পাতা, আর মেক্সিকোর প্রতীক হিসেবে যুক্ত করা হয়েছে ঈগল। এসব নকশা বলটির গায়ে বিশেষ এমবসড বা উঁচু নকশায় ফুটিয়ে তোলা হয়েছে।

বিশ্বকাপের চূড়ান্ত লড়াইকে আরও বিশেষ করে তুলতেই ঐতিহ্য ধরে রেখে এবারও আলাদা ডিজাইনের এই বল উন্মোচন করেছে ফিফা।

আরআর/আইএন