টাঙ্গাইলের সখীপুরে আব্দুল্লাহ (৭) নামের প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুশিক্ষার্থীর গলায় ফাঁস নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে শিশুটির নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করেন স্বজনেরা।

‎নিহত আব্দুল্লাহ ওই গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে। সে নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনদের দাবি, মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে শিশুটি গলায় ফাঁস নিয়েছে।

নিহতের ‎পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলে গেম খেলার জন্য শিশুটি তার মায়ের কাছে মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু মা তাকে ফোন দেননি। এতে অভিমান করে ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দেয় সে। পরে সন্ধ্যার দিকে শিশুটির দাদা জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান নাতিকে। তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সে ছাত্র হিসেবে খুবই মেধাবী ছিল। আজও সে বিদ্যালয়ে এসেছিল। তার এমন মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।