রাজশাহীর মোহনপুরে আম চুরি করে বিক্রি করাকে কেন্দ্র করে সংঘর্ষে ইটের আঘাতে এক পশুখাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামের ঘটনায় নিহত মো. আব্দুর রাজ্জাক (৫০) ওই গ্রামেরই বাসিন্দা। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্য বিক্রি করতেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে তর্ক-বিতর্কের একপর্যায়ে কয়েকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ইটের আঘাতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত অটোভ্যানচালক জুয়েল রানাকে (১৬) মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।