মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন এবং স্বাধীনতার গৌরবময় অধ্যায়। এই মুক্তিযুদ্ধ আমাদের সাহস, দেশপ্রেম, আত্মত্যাগ, মানবিকতা, ন্যায়বোধ ও ঐক্যের শিক্ষা দেয়। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে অনুপ্রাণিত করে। এই আদর্শ ধারণ করেই একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এই চেতনা ধারণ করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ‘মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা’ শিরোনামে বিশেষ আড্ডা। ৩ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সিকদার। তাঁর স্থায়ী নিবাস গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। মহান মুক্তিযুদ্ধে তিনি ৯ নম্বর সেক্টরের অধীন সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকায় বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আড্ডায় মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সিকদার মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচারণা করেন এবং যুদ্ধকালীন বাস্তব অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত তরুণরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

আড্ডায় উপস্থিত ছিলেন গোবিপ্রবি বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সদস্য ও বন্ধুরা।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা