জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও উনসত্তরের গণঅভ্যুত্থানের মতোই জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, শহিদ ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহিদদের পরিবার যেন কোনোভাবেই অসম্মানিত বা নির্যাতনের শিকার না হয়, তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার শহিদদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে এবং তাদের পরিবারের দেখভাল করছে। প্রয়োজনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।

বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে আজ জাতি বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ পেয়েছে। তিনি সম্প্রতি মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি চাকরিতে নিয়োগ প্রদানের উদাহরণ তুলে ধরে বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

রাজশাহীর উন্নয়ন এবং আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো রক্ষায় তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, নেসকো (NESCO) বা অন্য কোনো প্রতিষ্ঠান রাজশাহী থেকে সরিয়ে নিতে দেওয়া হবে না।

তিনি দেশে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আর কোনো প্রতিহিংসা নয়, আগুন বা ভাঙচুর নয়—সবাইকে মিলে দেশ গড়তে হবে।’

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান।

এছাড়াও বক্তব্য দেন শহিদ সাকিব আঞ্জুমের বাবা মাইনুল হক, শহিদ আবু রায়হানের বাবা মুসলেম আলী, শহিদ মিনারুলের স্ত্রী নুরেসান এবং আহত জুলাই যোদ্ধারা।

শহিদদের স্বজনরা তাদের বক্তব্যে আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে শহিদ ও আহতদের পরিবারের পাশে সবসময় দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় অন্যান্য জুলাই যোদ্ধা ও তাঁদের স্বজনরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জুলাই শহিদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রীসহ উপস্থিত অতিথিবৃন্দ।

মনির হোসেন মাহিন/কেএইচকে/জেআইএম