ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যজন সম্মাননা পেয়েছেন দেশের প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। প্রতিষ্ঠানটির নাট্যকলা বিভাগের আয়োজনে চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৬-এ অংশগ্রহণ করেন তিনি। মূলত বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে সাত দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬। বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নির্দেশনা শাখার শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তোলার লক্ষ্যে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল। অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্য আবুল হায়াতের হাতে নাট্যজন সম্মাননা তুলে দেন। নিজের অনুভূতি প্রকাশ করে আবুল হায়াত বলেন, ‘আজকের এই সম্মাননা আমার কাছে শুধু সম্মাননা নয়, সবার ভালোবাসার বহিঃপ্রকাশ।’ তিনি আরও বলেন, ‘শিল্প মানে শিক্ষা। আমি এখনো শিখি। আজকে ত্রিশালের মাটিতে দাঁড়িয়ে বারবার মনে পড়ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। তিনি ছিলেন বিদ্রোহী, সাহিত্যের স্মারক। আমি নাটককে ভালোবাসি। ১০ বছর বয়সে নাটক শুরু করেছিলাম, যা এখন আমার রক্তের বিষ, অর্থাৎ সমগ্র রক্তে মিশে গেছে। ১৯৫৪ সালে আমি প্রথম মঞ্চে উঠি। আর এখন আমার অভিনয়ে বয়স ৭২ বছর, আর আমার বয়স ৮১-এর বেশি। শিক্ষার্থীদের উদ্দেশে বলতে চাই, অভিনয় মানেই শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলা, চেহারা দেখানো নয়। অভিনয় মানে শিল্প। অভিনয় মানে বাস্তবতা তুলে ধরা। জীবনে সাফল্য আসবেই, কিন্তু সাফল্যের চেয়ে বড় হলো সততা, নিষ্ঠা। নাটক মানুষকে মানুষ হতে শেখায়, অন্যের আনন্দ, অনুভূতি, দুঃখ অনুভূত করতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়।








