শেষ হয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের মাঠের লড়াই। এবার শুরু হচ্ছে আসল রোমাঞ্চ। ৪৮ দলের গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে চূড়ান্ত হয়ে গেছে শেষ বত্রিশের সমীকরণ। এখন আর কোনো ভুল করার সুযোগ নেই—হারলেই বিদায়, আর জিতলে মিলবে শেষ ষোলোর টিকিট।

এবারের শেষ বত্রিশের সূচিতে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ। যার মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে লাতিন পরাশক্তি ব্রাজিল ও এশিয়ান জায়ান্ট জাপানের মধ্যকার দ্বৈরথটিতে। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে লুকা মদরিচের ক্রোয়েশিয়ার। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে কেপ ভার্দের বিপক্ষে এবং ফ্রান্সের পরীক্ষা নেবে লড়াকু সুইডেন।