যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মরহুম নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা ধর্মীয়, মানবিক ও কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করেছে নুরুল ইসলাম ফাউন্ডেশন।
আলোচনা সভা, পবিত্র কুরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় রাজধানীর উত্তরখানে নুরুল ইসলাম ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে শতাধিক আলেম, হাফেজ, এতিম শিক্ষার্থী, শিক্ষক, সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জামিয়া আরাবিয়া নুরুল ইসলামের শিক্ষক-শিক্ষার্থীরা বনানী কবরস্থানে গিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
রাজধানীতে সহস্রাধিক পবিত্র কুরআন শরিফ বিতরণ : মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় মুসল্লি ও শিক্ষার্থীদের মধ্যে সহস্রাধিক বাংলায় অনুবাদকৃত পবিত্র কুরআন শরিফ বিনামূল্যে বিতরণ করে নুরুল ইসলাম ফাউন্ডেশন। সোমবার দুপুর ২টা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ নগরীর ১০টি গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
বৃক্ষরোপণে পরিবেশ ও সদকায়ে জারিয়ার বার্তা : মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নুরুল ইসলাম ফাউন্ডেশন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।
ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, বৃক্ষরোপণ ইসলামি দৃষ্টিতে একটি চলমান সওয়াবের কাজ বা সদকায়ে জারিয়া। পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি নিয়মিত অব্যাহত থাকবে।
তারা বলেন, একটি গাছ যতদিন মানুষের উপকারে আসবে, ততদিন এর সওয়াব দাতার আমলনামায় যুক্ত হতে থাকবে। এই বিশ্বাস থেকেই মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাতের নিয়তে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।








