নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে সন্ত্রাসীদের হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির জানান, বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশের মাধ্যমে ববি বেগমের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল সন্ত্রাসী মেথিকান্দা রেলস্টেশনের পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে দীর্ঘদিনের সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়।

এরপর কয়েক দিন কিছুটা সুস্থ থাকলেও মঙ্গলবার (৭ জুলাই) রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।