দ্রুত বদলাচ্ছে সময়। সেই সঙ্গে বদলাচ্ছে ডেটিংয়ের ধরন, সম্পর্কের সমীকরণ এবং সৌন্দর্য দেখার দৃষ্টিভঙ্গিও। একসময় উচ্চতায় খাটো ছেলেদের নিয়ে হাসাহাসি করা হতো, অনেক ক্ষেত্রেই তাদের কম আকর্ষণীয় বলে মনে করা হতো। কিন্তু সেই ধারণা এখন বদলাতে শুরু করেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত ট্রেন্ডগুলোর একটি হলো ‘শর্ট কিং’। অর্থাৎ উচ্চতায় ছোট হলেও আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সাফল্যে যিনি সবার নজর কাড়েন, তিনিই এখন নতুন প্রজন্মের কাছে ‘কিং’।

কী এই শর্ট কিং

‘শর্ট কিং’ বলতে এমন একজন পুরুষকে বোঝানো হয়, যিনি উচ্চতায় খুব বেশি লম্বা নন। কিন্তু আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, রসবোধ, সাফল্য কিংবা উপস্থিত বুদ্ধির জোরে সহজেই অন্যদের আকৃষ্ট করেন। অর্থাৎ একজন মানুষের প্রকৃত মূল্য তার উচ্চতায় নয়, বরং তার যোগ্যতা ও ব্যক্তিত্বকে সামনে নিয়ে আসে।

‘শর্ট কিং’ শব্দবন্ধটি ২০১০-এর দশকের শেষ দিকে জনপ্রিয় হতে শুরু করে। ২০১৮ সালে মার্কিন কৌতুক অভিনেতা জাবুকি ইয়ং-হোয়াইট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে বলেছিলেন, উচ্চতায় ছোট হওয়াকে অপমান হিসেবে ব্যবহার করা বন্ধ করা উচিত। নিজের বক্তব্যের সমর্থনে তিনি ব্রুনো মার্স, ডোনাল্ড গ্লোভার এবং টম হল্যান্ড-এর মতো সফল ব্যক্তিদের উদাহরণ দেন।

কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই শর্ট কিং শব্দটি আত্মবিশ্বাসী, সফল ও ব্যক্তিত্বসম্পন্ন খাটো পুরুষদের প্রশংসাসূচক পরিচয়ে পরিণত হয়।

jagoব্যক্তিত্বই এখন নতুন প্রজন্মের কাছে সবচেয়ে বড় আকর্ষণ

যেভাবে জনপ্রিয় হলো

২০২২ সালে টিকটকে শুরু হয় হ্যাশটেক শর্ট কিং স্প্রিং ট্রেন্ড। এটি ২০১৯ সালের ভাইরাল হট গার্ল সামারের ইতিবাচক পাল্টা ট্রেন্ড হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। অল্প সময়ের মধ্যেই লাখ লাখ ভিডিও তৈরি হয় এই হ্যাশট্যাগে। কেউ নিজের সঙ্গীকে ‘শর্ট কিং’ বলে পরিচয় দেন, কেউ আবার নিজের আত্মবিশ্বাসের গল্প শেয়ার করেন।

ট্রেন্ডটি পরে বিজ্ঞাপনের জগতেও পৌঁছে যায়। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কফি ব্র্যান্ড ডানকিন কয়েক দিনের জন্য তাদের ছোট আকারের আইসড কফির নাম পরিবর্তন করে শর্ট কিং রাখে। একটি সামাজিক যোগাযোগমাধ্যমের শব্দ যে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারণার অংশ হতে পারে, সেটিও এই উদ্যোগ প্রমাণ করে।

টম হল্যান্ড ও জেন্ডায়া কেন আলোচনায়

‘শর্ট কিং’ ট্রেন্ডকে আরও জনপ্রিয় করে তুলেছে হলিউডের জনপ্রিয় জুটি টম হল্যান্ড ও জেন্ডায়া। টমের উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, অন্যদিকে জেন্ডায়ার উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি। অর্থাৎ বাস্তব জীবনে অভিনেত্রী তার সঙ্গীর চেয়ে লম্বা।
তবে বিষয়টি নিয়ে তারা কখনও অস্বস্তি প্রকাশ করেননি। বরং বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিত হওয়া, রেড কার্পেটে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটা এবং সাক্ষাৎকারে খোলামেলা মন্তব্যের মাধ্যমে তারা দেখিয়েছেন, একটি সম্পর্কের সফলতার সঙ্গে উচ্চতার কোনো সম্পর্ক নেই।

শুধু ট্রেন্ড নয়, একটি দিনও রয়েছে

বর্তমানে প্রতি বছর ২১ জুন পালন করা হয় শর্ট কিং অ্যাপ্রিসিয়েশন ডে । এই দিনে উচ্চতায় ছোট পুরুষদের আত্মবিশ্বাস, অর্জন ও ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট, ভিডিও ও প্রচারণা চালানো হয়। বহু ব্র্যান্ড এবং কনটেন্ট ক্রিয়েটরও এই উদ্যোগে অংশ নেন।

jagoসাফল্য ও ব্যক্তিত্বই একজন মানুষকে আলাদা করে

কী বলছে গবেষণা?

গবেষকদের একটি দল প্যানেল স্টাডি অব ইনকাম ডায়নামিকস-এর ১৯৯৯ থেকে ২০২৩ সালের তথ্য বিশ্লেষণ করে প্রায় ৯ হাজার পরিবারের তথ্য পর্যালোচনা করেছেন।

সমীক্ষায় দেখা গেছে, এখনও বেশিরভাগ সম্পর্কেই পুরুষ সঙ্গী নারীর চেয়ে লম্বা। প্রায় দুই-তৃতীয়াংশ দম্পতির ক্ষেত্রে পুরুষের উচ্চতা নারীর চেয়ে ২ থেকে ৮ ইঞ্চি বেশি এবং গড় পার্থক্য প্রায় ৫.৩ ইঞ্চি। যেখানে নারী সঙ্গী পুরুষের চেয়ে লম্বা, এমন দম্পতির সংখ্যা মাত্র ৩.৩ শতাংশ।

অনলাইন ডেটিংয়েও উচ্চতার প্রভাব স্পষ্ট। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রায় ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার পুরুষরা ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার পুরুষদের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি সাড়া পান।

অন্যদিকে প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার নারীরা ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার নারীদের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম সাড়া পান। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে বেশি উচ্চতা এখনও কিছুটা সুবিধা তৈরি করলেও নারীদের ক্ষেত্রে অতিরিক্ত লম্বা হওয়া অনেক সময় উল্টো প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

বারবার ছাতা হারানোর বদঅভ্যাস দূর করবেন যেভাবে

বদলাচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি

বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে উচ্চতায় ছোট পুরুষদের নিয়ে প্রকাশ্যে বিদ্রূপ অনেকটাই কমেছে। বর্তমানে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, পেশাগত সাফল্য, রসবোধ এবং মানসিক পরিপক্বতাকে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে সমাজের বহু বছরের প্রচলিত ধারণা পুরোপুরি বদলে যায়নি। জীবনসঙ্গী নির্বাচন বা অনলাইন ডেটিংয়ের ক্ষেত্রে উচ্চতা এখনো একটি প্রভাবশালী বিষয় হিসেবে রয়ে গেছে।

আরও পড়ুন

ক্যারিয়ারে সাফল্য পেতে নিয়মিত ছুটি নিন

তারপরও ‘শর্ট কিং’ ট্রেন্ড একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, একজন মানুষের প্রকৃত আকর্ষণ তার উচ্চতায় নয়, বরং আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং যোগ্যতায়। আর সেই কারণেই আজকের ডিজিটাল প্রজন্মের কাছে ‘শর্ট কিং’ কেবল একটি ট্রেন্ড নয়, বরং ইতিবাচক আত্মমর্যাদার প্রতীক।

সূত্র: দ্য গার্ডিয়ান, ইন্ডিয়া শো ও অন্যান্য

এসএকেওয়াই