নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় সুমি রানি রায় (৩৫) নামে এক নারী ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার (৪ জুলাই) উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি রানি পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার বাসিন্দা শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী ও নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন। আহত স্বপন রায় (৩০) ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকার বিপিন রায়ের ছেলে এবং নিহতের ভাগ্নি জামাই।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে সুমি রানি তার ভাগ্নি জামাই স্বপন রায়ের মোটরসাইকেলে কর্মস্থল উত্তরা ইপিজেডের উদ্দেশে রওনা দেন। পথে চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস আসতে দেখে মোটরসাইকেল ব্রেক করলে সড়কে ছড়িয়ে থাকা বালুর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে স্বপন রায় রাস্তার বাম পাশে পড়ে গুরুতর আহত হন। সুমি রাস্তার ডান পাশে ছিটকে পড়লে পেছন থেকে আসা বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”