জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দেওয়া সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে দুই দিনব্যাপী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ যাচাই-বাছাই করে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে কমিশন।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে ইসি সানাউল্লাহ বলেন, “নির্বাচনকে আরো অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে অংশীজনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে ও পরে পর্যবেক্ষক দল এবং বিভিন্ন অংশীজনের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো কমিশন মূল্যায়ন করছে।”

এ সংলাপ থেকে নতুন সুপারিশও পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, “সব সুপারিশ পর্যালোচনা করে কোনগুলো তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং কোনগুলো দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে।”

সেই নির্বাচনকে আরো কার্যকর ও অংশগ্রহণমূলক করতে এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ প্রতিবেদনে ১৯টি সুপারিশ দেওয়া হয়েছে।”

সংলাপের মাধ্যমে আরো কিছু বাস্তবভিত্তিক সুপারিশ উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরে অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংলাপে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক, সিভিল সোসাইটি সংগঠন, নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।

দুই দিনব্যাপী এ সংলাপের বিভিন্ন অধিবেশনে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।