বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। তবে পরাজয়ের চেয়েও বেশি আলোচনায় দলের আক্রমণভাগের হতাশাজনক পারফরম্যান্স। বিশেষ করে মাইকেল অলিসেকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন ফরাসি সাংবাদিক ড্যানিয়েল রিওলো। একসময় যাকে কিংবদন্তি মিশেল প্লাতিনি ও জিনেদিন জিদানের পর্যায়ে ভাবা হচ্ছিল, সেই অলিসেকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের আক্রমণভাগ পুরোপুরি নিষ্প্রভ ছিল। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা কিংবা বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে- কেউই স্প্যানিশ রক্ষণভাগ ভাঙতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় দিদিয়ের দেশমের দলকে।

এই হারের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন ২৪ বছর বয়সী বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিসে। বিশ্বকাপজুড়ে তার কাছ থেকে বড় কিছু প্রত্যাশা ছিল। এমনকি রিয়াল মাদ্রিদের আগ্রহের খবরও শোনা গিয়েছিল। কিন্তু সেমিফাইনালে সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর বরাতে ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’-এর খ্যাতনামা সাংবাদিক ড্যানিয়েল রিওলো ওলিসেকে নিয়ে কড়া ভাষায় বলেন, ‘আমরা ওলিসেকে প্লাতিনি ও জিদানের টেবিলে বসিয়ে দিয়েছিলাম, অথচ সে তো তাদের রান্নাঘরেও নেই।’

নিজের আগের মূল্যায়ন নিয়েও আক্ষেপ প্রকাশ করেন রিওলো। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে ২০ বছরে প্রথমবারের মতো আমি আমার কিছু মন্তব্যের জন্য গভীরভাবে অনুতপ্ত।’

রিওলোর এই মন্তব্য ইতোমধ্যেই ফরাসি ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, অলিসের প্রতিভা নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি সেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি।

আরআর/আইএইচএস/