পাবনা সদর উপজেলার একটি ডোবা থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তুহিন খাঁ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত তুহিন খাঁ একই উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার তুহিন শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার দিকে স্ত্রী আফসানার সঙ্গে তার ঝগড়া হয়। স্থানীয়রা আজ শনিবার সকালে ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় গামছা প্যাঁচানো ছিল।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে। এরপরই মৃত্যুর আসল রহস্য জানা যাবে। প্রাথমিকভাবে জানা গেছে, মারা যাওয়া ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে তার শ্বশুড়বাড়িতে ঝগড়াও হয়েছিল।








