পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবেশভিত্তিক সংগঠন গ্রিন ভয়েস। শনিবার বিশ্ববিদ্যালয়ের এলিভেটর এক্সপ্রেসের নিচে ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এ কর্মসূচিরমাধ্যমে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও অন্য বর্জ্যরে বিনিময়ে জাম, কাঁঠাল, নিম, বিভিন্ন প্রজাতির ফুলগাছ এবং ইনডোর প্ল্যান্টের চারা সংগ্রহ করেন।

আয়োজকেরা জানান, প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই যত্রতত্র প্লাস্টিক ফেলে না দিয়ে সঠিকভাবে সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত করার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে বেশি বেশি গাছ লাগানোরমাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশকে সবুজ করে তোলার বার্তাও দেওয়া হচ্ছে।