কিশোরগঞ্জের কটিয়াদী পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে জব্দ করা প্রায় দুই বস্তা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বাসস্ট্যান্ড এলাকার মাংস ব্যবসায়ী শারফিন (৪৬) নামের এক কসাইয়ের দোকানে পচা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে দোকান থেকে উদ্ধার হওয়া প্রায় দুই বস্তা পচা মাংস জব্দ করে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে জব্দ করা পচা মাংস ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।
এসকে রাসেল/কেএইচকে/জেআইএম








