পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত দুদিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শুক্রবার তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে রয়টার্সকে জানিয়েছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মুখপাত্র।
আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
মুখপাত্র জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে। স্পিকার থাইল্যান্ড সফর শেষে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরলে রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৬ বছর বয়সী মো. সাহাবুদ্দিন।
আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার ‘আমার কিছুই জানা নেই’
এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছিলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে স্বাস্থ্যগত কারণসহ যে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেই সুযোগ রয়েছে। তবে পদত্যাগের বিষয়ে সরকার কিছু জানে না।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না-জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো পদক্ষেপ নেই। গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে খবর প্রকাশিত হয়েছে।
রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি রাষ্ট্রপতিকেই জিজ্ঞেস করতে হবে। তিনি চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন।
এমইউ/এমএএইচ/








