বিকল্প নাট্যমঞ্চের ধারণাকে সামনে রেখে রাজধানীর মগবাজারে যাত্রা শুরু করেছে পালাকার রুফটপ স্টুডিও। শুক্রবার সন্ধ্যায় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ নতুন এই নাট্যাঙ্গনের উদ্বোধন করেন। একই সঙ্গে মঞ্চস্থ হয় পালাকারের নতুন প্রযোজনা ‘হাজার চুরাশি’।
রাজধানীর মগবাজারের আউটার সার্কুলার রোডে বিশাল সেন্টারের ছাদে গড়ে তোলা হয়েছে এই স্টুডিও থিয়েটার। খোলা আকাশ, লণ্ঠনের আলো ও দেয়ালজুড়ে নান্দনিক চিত্রকর্মের সমন্বয়ে নির্মিত এ নাট্যাঙ্গনে দর্শক ও অভিনয়শিল্পীর দূরত্ব কমিয়ে অন্তরঙ্গ পরিবেশে নাটক উপভোগের সুযোগ রাখা হয়েছে। নাট্যচর্চার জন্য একটি বিকল্প পরিসর গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যজন মামুনুর রশীদ বলেন, বড় মিলনায়তনের পাশাপাশি নাট্যচর্চার জন্য বিকল্প আঙিনা তৈরি সময়ের দাবি। দর্শক ও শিল্পীরা কাছাকাছি থেকে অভিজ্ঞতা বিনিময় করতে পারেন এমন স্টুডিও থিয়েটারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের সবসময় এমন অল্টারনেট স্পেস খুঁজতে হবে, যেখানে দর্শক ও শিল্পীরা খুব কাছাকাছি থেকে অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। তিনি স্মরণ করেন, ১৯৯১ সালে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘বাংলা থিয়েটার’ নামে এ ধরনের একটি স্টুডিও থিয়েটারের উদ্যোগও নিয়েছিলেন।
পালাকারের প্রধান আমিনুর রহমান মুকুল বলেন, দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে দলটি। উদ্বোধনী দিনের প্রদর্শনী ছিল আমন্ত্রিত অতিথিদের জন্য। পরবর্তী দুদিনের প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত। বর্তমানে স্টুডিওতে প্রায় ৩০ দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। নাটকের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আসনসংখ্যা কমবেশি করা হবে।








