গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বসতবাড়ি নির্মাণের জন্য অপরিকল্পিতভাবে মাটি খনন করায় একটি ব্যস্ত পাকা রাস্তার বড় অংশ ধসে পড়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি তার জমিতে বাড়ি নির্মাণের জন্য রাস্তার একদম পাশ ঘেঁষে গভীর গর্ত করেন। কোনো গাইড ওয়াল বা নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ায় গত কয়েক দিনে রাস্তার নিচের মাটি সরে গিয়ে বড় অংশ ধসে পার্শ্ববর্তী গর্তে বিলীন হয়ে যায়।সরেজমিনে দেখা যায়, সড়কটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গর্তে পড়ে গেছে। বাকি অংশটুকুও বিপজ্জনক অবস্থায় ঝুলে আছে। পুটিমারি চৌরাস্তা বাজারটি এলাকার অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র হওয়ায় এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রিকশা-মোটরসাইকেলসহ হালকা ও ভারী যানবাহন চলাচল করে। রাস্তাটি ধসে যাওয়ার পর থেকে বর্তমানে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে।ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদের এমন ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাতের অন্ধকারে এই পথ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের হস্তক্ষেপ দাবি করেছেন।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে সাধারণ মানুষ আশা করছেন।