নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম খান নামে এক মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম পাঁচদোনা এলাকার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, তিন দিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন ইব্রাহিম। এরপর তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পলাশ থানায় সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ভাগদী সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।