পানি আমাদের শরীরের জন্য অপরিহার্য। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে হজম, পুষ্টি পরিবহন ও বর্জ্য অপসারণে কাজে করে। তবে পানি যতই প্রয়োজনীয় হোক, কখন পানি পান করা উচিত, বিশেষ করে খাবার খাওয়ার সময় পানি পান করা ঠিক কি না-এ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মতভেদ রয়েছে।

অনেকে মনে করেন, খাবারের সঙ্গে পানি পান করলে হজমের রস পাতলা হয়ে যায় এবং খাবার ঠিকমতো হজম হয় না। আবার কেউ বলেন, এতে কোনো সমস্যা নেই। তাহলে সত্যিটা কী?

বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার সময় অল্প পরিমাণ পানি পান করলে সাধারণত কোনো ক্ষতি হয় না। বরং এটি খাবার সহজে গিলতে সাহায্য করে এবং মুখের শুষ্কতা দূর করে। বিশেষ করে শুকনো বা আঁশযুক্ত খাবার খাওয়ার সময় সামান্য পানি পান করলে খেতে আরও স্বস্তি লাগে। তবে একসঙ্গে অনেকটা পানি পান করা ঠিক নয়। অতিরিক্ত পানি পেটে জায়গা দখল করে ফেলে, ফলে প্রয়োজনীয় পরিমাণ খাবার খাওয়া কঠিন হয়ে যেতে পারে। এতে শরীর পর্যাপ্ত পুষ্টি থেকেও বঞ্চিত হতে পারে।

jagoনিয়ম মেনে পানি পান করাও জরুরি

পানি কি হজমের রস নষ্ট করে

এটি সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলোর একটি। অনেকেই মনে করেন, খাবারের সঙ্গে পানি পান করলে পাকস্থলীর হজমের রস পাতলা হয়ে যায় এবং হজম ব্যাহত হয়।

কিন্তু বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। শরীর প্রয়োজন অনুযায়ী হজমের রস তৈরি করে এবং স্বাভাবিক পরিমাণ পানি সেই প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করে না। অর্থাৎ তৃষ্ণা পেলে খাবারের সময় অল্প পানি পান করা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

পানি পান করা সবচেয়ে ভালো সময়

বিশেষজ্ঞরা বলেন, খাবারের আগে এবং পরে পর্যাপ্ত পানি পান করার অভ্যাস শরীরের জন্য উপকারী। খাবারের ২০-৩০ মিনিট আগে পানি পান করলে শরীর আর্দ্র থাকে এবং হজম প্রক্রিয়াও স্বাভাবিক থাকে।

আবার খাবার শেষ হওয়ার কিছুক্ষণ পর পানি পান করলেও শরীরের পানির চাহিদা পূরণ হয়। তবে খাবারের মাঝখানে তৃষ্ণা পেলে অল্প অল্প করে পানি পান করাই সবচেয়ে ভালো অভ্যাস।

যাদের হজমের সমস্যা রয়েছে

যাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, বদহজম বা অন্যান্য হজমজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টি ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। কারও কারও জন্য খাবারের সময় বেশি পানি পান করলে অস্বস্তি বাড়তে পারে।
এ ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ও পানিপানের নিয়ম নির্ধারণ করাই নিরাপদ।

আরও পড়ুন

গামছা নাকি তোয়ালে, ত্বকের জন্য কোনটি বেশি ভালো

সুস্থ থাকার মূলমন্ত্র

গরমের দিনে শরীরে পানির ঘাটতি দ্রুত তৈরি হতে পারে। তাই সারাদিনে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। তবে একবারে অনেকটা না খেয়ে অল্প অল্প করে নিয়মিত পানি পান করলে শরীর ভালোভাবে তা ব্যবহার করতে পারে।

আরও পড়ুন

ফার্মের মুরগি যেভাবে রান্না করলে গন্ধ দূর হবে

খাবারের সময় পানি পান করা নিয়ে অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই। পরিমিত পানি পান, সুষম খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনই সুস্থ হজম ও ভালো স্বাস্থ্যের মূল চাবিকাঠি। তৃষ্ণা পেলে খাবারের সময়ও অল্প পানি পান করা নিরাপদ, তবে অতিরিক্ত পানি পান থেকে বিরত থাকাই ভালো।

সূত্র: ওয়েবএমডি, হেলথ লাইন ও অন্যান্য

এসএকেওয়াই