রাজধানীর মহাখালীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে মামুন ভূঁইয়া (৩০) নামের এক রেলওয়ে কর্মকর্তার প্রাণ গেছে। এ ঘটনায় অভিযুক্ত বিউটি আক্তারকে আটক করেছে বনানী থানা পুলিশ। শনিবার দুপুরে বনানী থানাধীন মহাখালীর টিভি গেট এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

পুলিশ ও স্বজনদের তথ্যানুযায়ী, মামুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে। তিনি বাবুল ভূঁইয়ার ছেলে। সম্প্রতি তিনি রেলওয়েতে সেকেন্ড ক্লাস অফিসার হিসাবে যোগদান করেন।

ভাড়া বাসার মালিক সুমন জানান, শুক্রবার বাসাটি ভাড়া নেওয়া হয়। শনিবার সকালে মামুন সেখানে আসেন। একপর্যায়ে তার সঙ্গে বিউটি আক্তারের তীব্র বাগ্বিতণ্ডা হয়। পরে মামুনের চিৎকারে বাড়ির লোকজন কক্ষে গিয়ে তাকে রক্তাক্ত পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ বিউটি আক্তারকে আটক করে।