দেশের শিক্ষাব্যবস্থায় পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন ও সনদ প্রদান করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামফলক উন্মোচন ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চলছে। কিন্তু পরীক্ষা ছাড়া মেধার প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়। শিক্ষা সংস্কার নিয়ে অপপ্রচার চালিয়ে তরুণ সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না।’দেশের শিক্ষাব্যবস্থায় টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়তে আধুনিক ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। সরকার উচ্চশিক্ষাকে একটি নতুন কাঠামোয় নিয়ে আসার কাজ করছে।শিক্ষা বাজেটের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘অতীতের নানা অনিয়ম সত্ত্বেও সরকার শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট ৮৭ হাজার কোটি টাকা থেকে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। ভবিষ্যতে জিডিপির ৫ শতাংশ এই খাতে বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।’নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা নিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ৮০ জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলেও দ্রুত একে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। নওগাঁর স্থানীয় চাহিদা বিবেচনায় এখানে আন্তর্জাতিক মানের ‘স্কুল অব এগ্রিকালচার’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।সেশনজট কমাতে নতুন পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সাল থেকে জানুয়ারি মাসে এসএসসি এবং মার্চ মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার।কুমিল্লায় অতিবৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বার্থে মানবিক বিবেচনায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সময় প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।২০২৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ২০২৫ সালে আইন ও অ্যাকাউন্টিং বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পায়। এর মধ্য দিয়ে নওগাঁবাসীর দীর্ঘদিনের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়িত হলো।
বাণিজ্য
পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন ও সনদ প্রদান সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

শেয়ার করুন







