ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়া পেট্রোকেমিক্যালসের (এইচপিএল) একটি ন্যাফথাবাহী পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালের এ ঘটনায় অন্তত ৩৫ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের ১২টি ইঞ্জিন। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪ টার দিকে নাগাদ হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে আগুন লাগে। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত থেকেই গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তারা। বিষয়টি এইচপিএল কর্তৃপক্ষকে জানানো হলেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ভোর সাড়ে ৪ টার নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশের বাড়িঘর কেঁপে ওঠে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে তারা বেরিয়ে দেখেন আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে সব জ্বলছে। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বস্তিতেও। মুহূর্তের মধ্যে আশেপাশের একাধিক বাড়ি জ্বলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন।

আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে পানি ও ফোম স্প্রে করা হচ্ছে। দমকলের প্রাথমিক অনুমান, বজ্রপাতের জেরেই পাইপলাইনে আগুন লেগে থাকতে পারে। 

দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে ১৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। পরবর্তীকালে স্থানীয়দের সহযোগিতায় অল্পবিস্তর আহত আরো ২০ জনকে উদ্ধার করা হয়। সব মিলিয়ে অগ্নিদগ্ধ ৩৫ জন। যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক ৬ জনকে গ্রিন করিডোর করে আনা হচ্ছে কলকাতায়। এদিকে, অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ হলদিয়া টাউনশিপ-দুর্গাচকগামী এক্সাইড রোডও।

রেল সূত্রে জানা গেছে, কারখানার পাইপলাইনের যেখানে বিস্ফোরণ ঘটেছে তার পাশ দিয়ে গিয়েছে রেললাইন। বিস্ফোরণের জেরে ওভারহেড ইলেকট্রিক লাইন ও ট্রান্সফর্মার পুড়ে গেছে। একইসঙ্গে লাইনের বেশ কিছুটা অংশও দুমড়ে গেছে। ফলে ওই লাইন দিয়ে এখনই ট্রেন চালানো সম্ভব হচ্ছে না।

মেরামতের জন্য রেলের টিআরডি ডিপার্টমেন্টের কর্মীরা উপস্থিত হলেও আগুনের ভয়াবহতার কারণে তারা কাজ করতে পারছেন না। তাই কখন এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না বলে রেল সূত্রে খবর।