মিকেল ওইয়ারসাবালের মাতৃভাষা তেমন শোনা যায় না। ‘ইউস্কারা’-য় কথা বলেন ওইয়ারসাবাল। স্পেনের ‘বাস্ক’ প্রদেশের বাসিন্দা। ভুবনের কোনো ভাষার সঙ্গেই মিল নেই ইউস্কারা-র ভাষার। ফুটবলই তার ভাষা।
বিশ্বের সেরা ১০ সেন্টার ফরোয়ার্ডের তালিকা তৈরি করতে বসলে, এই স্প্যানিশকে রাখতে মন কিছুতেই সায় দেবে না। কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আর্লিং হলান্ডের পাশে কোথায় খাপ খাবেন ওয়ারজাবাল? তার ওপর চেহারায় চটকদারি নেই। ওইয়ারসাবাল গোটা বছর কোথায় থাকেন, কী করেন, ক’টা গোল করেন, কেউ জানে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১০ বিশ্বজয়ী স্পেনের তারকা ফুটবলার দাভিদ ভিয়া বলেছিলেন, ‘ওইয়ারসাবালের সবচেয়ে বড় অসুবিধা হলো, সে রিয়াল সোসিয়াদাদে খেলে। যারা চ্যাম্পিয়ন্স লিগে খেলে না। আর স্পেনে যারা চ্যাম্পিয়ন্স লিগ খেলে না, তাদের ওপর সেভাবে নজর থাকে না। অথচ অসামান্য স্ট্রাইকার মিকেল।’
শুনলে আশ্চর্য লাগবে। ওইয়ারসাবালের গোল-ক্ষুধার জন্ম হয়েছিল ফুটবল নয়, হকি খেলে! শৈশবে হকি খেলতেন স্প্যানিশ স্ট্রাইকার। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ছোটবেলায় হকি খেলতাম আমি। প্রচুর গোলও করতাম। হকি খেলার সময় ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পেতাম আমি। যে আমাকে বলত, একটা গোল মিস হলে মাথায় আকাশ ভেঙে পড়বে না। কিছুই আসবে-যাবে না। গোল ঠিকই পেয়ে যাবে তুমি।’








