বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া, জলাবদ্ধ রাস্তা পার হওয়া কিংবা দীর্ঘ সময় ভেজা পোশাকে থাকতে হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। তবে যাদের পিরিয়ড চলে, তাদের অনেকের মনেই প্রশ্ন জাগে-পিরিয়ডের সময় বৃষ্টিতে ভিজে থাকলে বা দীর্ঘক্ষণ স্যাঁতসেঁতে অবস্থায় থাকলে কি সংক্রমণের ঝুঁকি বাড়ে?

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির পানি নিজে থেকে সংক্রমণের কারণ নয়। তবে দীর্ঘ সময় ভেজা কাপড়, স্যাঁতসেঁতে অন্তর্বাস বা ভেজা স্যানিটারি প্যাড ব্যবহার করলে ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে। তাই বর্ষাকালে পিরিয়ডের সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে একটু বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

কেন বাড়ে সংক্রমণের ঝুঁকি?

পিরিয়ডের সময় যোনিপথ স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সংবেদনশীল থাকে। এই সময় দীর্ঘক্ষণ ভেজা পোশাক বা স্যাঁতসেঁতে প্যাড ব্যবহার করলে সেখানে আর্দ্রতা জমে থাকে। এমন পরিবেশে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে চুলকানি, জ্বালাপোড়া, দুর্গন্ধ, অতিরিক্ত স্রাব কিংবা ফাঙ্গাল সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে।

jagoস্যানিটারি প্যাড দীর্ঘক্ষণ পরে না থাকলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো যায়

ভেজা প্যাড বা অন্তর্বাস যেকারণে ক্ষতিকর

অনেক সময় বাইরে থাকলে ভেজা পোশাক বা স্যানিটারি প্যাড সঙ্গে সঙ্গে পরিবর্তন করা সম্ভব হয় না। কিন্তু দীর্ঘ সময় একই ভেজা প্যাড বা অন্তর্বাস পরে থাকলে আর্দ্রতা আটকে যায়। এতে জীবাণু সহজে বংশবিস্তার করতে পারে। তাই বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব শুকনো অন্তর্বাস পরে নতুন স্যানিটারি প্যাড ব্যবহার করা উচিত।

ত্বকের র‍্যাশ ও জ্বালাপোড়া হতে পারে

ভেজা কাপড় ও স্যানিটারি প্যাড দীর্ঘ সময় ত্বকের সঙ্গে লেগে থাকলে ঘর্ষণের কারণে ত্বকে র‍্যাশ, লালচে ভাব এবং জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। যাদের ত্বক সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হতে পারে।

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকি

অতিরিক্ত আর্দ্রতার কারণে যোনিপথের স্বাভাবিক পিএইচ ভারসাম্য নষ্ট হতে পারে। এতে মূত্রনালিতে জীবাণু প্রবেশের ঝুঁকি বেড়ে যায় এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) হওয়ার সম্ভাবনাও বাড়তে পারে।

অতিরিক্ত পরিষ্কার করাও ক্ষতিকর

সংক্রমণের ভয় থেকে অনেকেই বারবার সাবান, সুগন্ধিযুক্ত ওয়াশ বা জীবাণুনাশক ব্যবহার করে ব্যক্তিগত অঙ্গ পরিষ্কার করেন। চিকিৎসকদের মতে, এটি ঠিক নয়। এতে যোনিপথের উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যেতে পারে এবং উল্টা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়। সাধারণ পরিষ্কার পানি দিয়েই নিয়মিত পরিষ্কার রাখা যথেষ্ট।

কতক্ষণ পরপর প্যাড পরিবর্তন করবেন?

বর্ষাকালে সাধারণ সময়ের মতোই প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা পরপর স্যানিটারি প্যাড পরিবর্তন করা উচিত। রক্তপাত কম হলেও দীর্ঘ সময় একই প্যাড ব্যবহার করা ঠিক নয়। আর প্যাড ভিজে গেলে নির্ধারিত সময়ের আগেই বদলে ফেলা ভালো।

jagoব্যক্তিগত পরিচ্ছন্নতাকে অবহেলা করা যাবে না

কাপড়ের প্যাড ব্যবহার করলে যা করবেন?

যারা পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের প্যাড ব্যবহার করেন, তাদের প্রতিবার ব্যবহারের পর ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। এরপর কড়া রোদে সম্পূর্ণ শুকিয়ে তবেই আবার ব্যবহার করা উচিত। আধা শুকনো বা স্যাঁতসেঁতে কাপড়ের প্যাড ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

বৃষ্টিতে ভিজলে যা করবেন

বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেই যত দ্রুত সম্ভব ভেজা পোশাক পরিবর্তন করুন। পরিষ্কার পানি দিয়ে ব্যক্তিগত অঙ্গ ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর নতুন ও শুকনো স্যানিটারি প্যাড ব্যবহার করুন এবং সুতি অন্তর্বাস পরুন। শরীর দীর্ঘ সময় ভেজা অবস্থায় রাখা উচিত নয়।

আরও পড়ুন

বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, যেভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন

চিকিৎসকের পরামর্শ নেওয়া

পিরিয়ডের সময় বা পরে যদি তীব্র চুলকানি, জ্বালাপোড়া, দুর্গন্ধযুক্ত স্রাব, অস্বাভাবিক রঙের স্রাব, প্রস্রাবের সময় ব্যথা, জ্বর বা তলপেটে তীব্র ব্যথার মতো সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এগুলো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল সংক্রমণের লক্ষণ হতে পারে।

আরও পড়ুন

বিষম উঠলে পিঠে থাবা না দিয়ে যা করা ভালো

বর্ষাকালে পিরিয়ডের সময় বৃষ্টিতে ভিজে যাওয়া মানেই সংক্রমণ হবে, এমন নয়। তবে দীর্ঘ সময় ভেজা পোশাক পরে থাকা, একই প্যাড অনেকক্ষণ ব্যবহার করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতায় অবহেলা করলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে। তাই সময়মতো সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখালেই সুস্থ থাকা যাবে।

সূত্র: মেডিকেল নিউজ টুডে, আমেরিকান লাইব্রেরি অব মেডিসিন, টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই