ফার্মের মুরগি, বিশেষ করে ব্রয়লার, সাশ্রয়ী দাম, সহজলভ্যতা এবং অল্প সময়েই রান্না করা যায় বলে সবার কাছেই জনপ্রিয়। এটি উচ্চমানের প্রোটিনের একটি ভালো উৎস হওয়ায় প্রতিদিনের খাদ্যতালিকায়ও এর চাহিদা অনেক। বিশ্বের বিভিন্ন দেশে ব্রয়লার মুরগি দিয়ে নানা ধরনের পদ তৈরি হলেও বাংলাদেশে এটি ভুনা, রোস্ট, কারি কিংবা বিরিয়ানিসহ বিভিন্নভাবেই রান্না করা হয়। এর মধ্যে ঝটপট তৈরি করা যায় বলে ফার্মের মুরগির বিরিয়ানি অনেকেরই প্রথম পছন্দ। ঘরেই অল্প উপকরণে সহজে তৈরি করা যায় এই সুস্বাদু পদ।

আসুন জেনে নেওয়া যাক ফার্মের মুরগির বিরিয়ানির সহজ রেসিপি-

jago

উপকরণ

  • ফার্মের মুরগির মাংস ১ কেজি
  • চিনিগুঁড়া বা বাসমতী চাল আধা কেজি
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • আদা বাটা ১.৫ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • জিরা ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • কাঁচামরিচ ১০-১২টি
  • গরম মসলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা) পরিমাণমতো
  • বিরিয়ানি মসলা ২.৫ টেবিল চামচ
  • তেল ও ঘি আধা কাপ
  • তরল দুধ আধা কাপ
  • জাফরান বা জর্দা রং সামান্য
  • কেওড়ার জল ১ চা চামচ
  • লবণ স্বাদমতো
  • পানি প্রয়োজনমতো

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং বিরিয়ানি মসলার অর্ধেক অংশ দিয়ে ভালোভাবে মেখে নিন। অন্তত ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন, এতে মাংস আরও নরম ও সুস্বাদু হবে।

একটি ভারী তলার হাঁড়িতে তেল ও অর্ধেক ঘি গরম করুন। পেঁয়াজ কুচির অর্ধেক দিয়ে বাদামি করে ভেজে বেরেস্তা তৈরি করে আলাদা করে রাখুন। এরপর একই হাঁড়িতে মেরিনেট করা মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন। তেল ওপরে ভেসে উঠলে প্রয়োজন হলে সামান্য গরম পানি দিন। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন।

বাসমতি বা পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে নিন।
একটি বড় হাঁড়িতে পর্যাপ্ত পানি, লবণ এবং আস্ত গরম মসলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা) দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে চাল দিয়ে সিদ্ধ করুন। চাল ৭০-৮০ শতাংশ সেদ্ধ হলে ছেঁকে পানি ঝরিয়ে নিন। খেয়াল রাখবেন, চাল যেন পুরোপুরি নরম না হয়ে যায়।

আরও পড়ুন

হাতে মাখা ইলিশ ভুনার রেসিপি

একটি বড় হাঁড়ির তলায় রান্না করা মুরগি ও তার গ্রেভি ছড়িয়ে দিন। এর ওপর অর্ধেক সিদ্ধ চাল বিছিয়ে দিন। কিছু বেরেস্তা ও কয়েকটি কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এরপর বাকি চাল দিয়ে আবার ঢেকে দিন।
তরল দুধের সঙ্গে জাফরান ও কেওড়া জল মিশিয়ে চালের ওপর ছড়িয়ে দিন। শেষে বাকি ঘি এবং আরও কিছু বেরেস্তা ছড়িয়ে দিন।

আরও পড়ুন

ছুটির দিনের বানিয়ে নিন চিজ চিকেন ফিঙ্গার

হাঁড়ির মুখ শক্ত করে ঢাকনা দিয়ে বন্ধ করুন। চাইলে আটা বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখ সিল করে নিতে পারেন। একটি তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে একদম কম আঁচে ২০-২৫ মিনিট দমে রাখুন।

দম শেষ হলে ঢাকনা খুলে খুব আলতো হাতে চাল ও মাংস মিশিয়ে নিন, যাতে চাল ভেঙে না যায়। এরপর গরম গরম পরিবেশন করুন ফার্মের মুরগির বিরিয়ানি। সঙ্গে রাখতে পারেন রায়তা, সালাদ বা বোরহানি।

এসএকেওয়াই