সব ধরনের ভয়ভীতি, প্রভাব, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে নবনিযুক্ত সাব-ইন্সপেক্টরদের (এসআই) নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, নিরপেক্ষ তদন্ত ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সততা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।আইজিপি আরও বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিক হতে হবে। নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে।’এর আগে আইজিপি ৫০০ প্রশিক্ষণার্থীর বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন—শাহরিয়ার হাসান সিজান (বেস্ট ক্যাডেট), মো. সাইফুল ইসলাম (বেস্ট একাডেমিক), তৌকির আহমেদ (বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ), আশরাফুল ইসলাম (বেস্ট সুইমার) ও মো. কামরান শেখ (বেস্ট শুটার)।অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, মৌলিক প্রশিক্ষণ শেষে এই ব্যাচের ৫০০ সদস্যকে ২ বছরের বাস্তবমুখী প্রশিক্ষণের জন্য পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে।/