প্রথমবার যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কোনো সংগঠন কর্তৃক আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রখ্যাত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ২ আগস্ট যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজিতে অনুষ্ঠেয় ‘আনন্দমেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম’-এ তাকে এ সম্মাননায় ভূষিত করা হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানটির উদ্যোক্তা খান মোহাম্মদ আলী। ববিতাও বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানিয়েছেন, চলতি মাসের শেষপ্রান্তে তিনি কানাডা যাবেন। সেখানে গিয়ে কয়েকদিন একমাত্র ছেলে অনিকের সঙ্গে সময় কাটাবেন এবং বিশ্রাম নেবেন। এরপর জুলাইয়ের শেষদিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হবেন টরেন্টো থেকে। ২ আগস্ট ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘যুক্তরাষ্ট্রে কোনো বড় সংগঠন থেকে এবারই প্রথম আমি আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছি। এর আগে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। কিন্তু কোনো বড় অনুষ্ঠানে আজীবন সম্মাননা গ্রহণ এবারই প্রথম। যদিও অনুষ্ঠানটি ২৬ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু ফুটবল খেলা এবং বিশ্বের চলমান নানা সমস্যার কথা বিবেচনা করে ২ আগস্ট চূড়ান্ত করা হয়েছে। আমিও এ আয়োজনে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেখানে দেখা হবে, কথা হবে, গল্প হবে এবং আড্ডা হবে। আয়োজক আলী ভাইয়ের সঙ্গেও এ অনুষ্ঠান নিয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে। সবকিছুর আপডেট আমি জানতে পারছি এবং আমাকে ঘিরে তাদের বিরাট আয়োজনের কথাও জানতে পারছি। আমার কাছে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ জানাই আনন্দমেলার চেয়ারম্যান মোয়াজ্জেম ভাইকেও, আমাকে এ আয়োজনে সম্মাননার ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য।’ এদিকে অভিনয়ে ফেরা নিয়ে এ অভিনেত্রীর সংশয় রয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘জানি না, এ জীবনে আর কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াতে পারব কি না। ইচ্ছা তো আছে, কিন্তু আমাকে সেভাবে উপস্থাপন করার মতো গল্প বা পছন্দের নির্মাতা খুঁজে পাই না। তাই ক্যামেরার সামনে দাঁড়ানোও হয় না। তবে আফসোস নেই। একজীবনে যা পেয়েছি, তাতেই আমি সন্তুষ্ট।’ যুক্তরাষ্ট্রের অনুষ্ঠান শেষে দিনকয়েক পর তিনি আবারও কানাডায় ফিরবেন ছেলের কাছে।