দিনের শেষে আকাশ সোনালি রঙে রঙিন হয়ে ওঠে, তখন প্রকৃতি যেন এক অন্যরকম শান্তির আবহ তৈরি করে। ব্যস্ত শহরের কোলাহল, কাজের চাপ কিংবা সারাদিনের দৌড়ঝাঁপের মাঝেও অনেকেই গোধূলির এই মুহূর্তটুকুর জন্য অপেক্ষা করেন। কেউ সমুদ্রের ধারে, কেউ পাহাড়ের চূড়ায়, কেউ নদীর পাড়ে, আবার কেউ নিজের বাড়ি বা অফিসের ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করেন।
অনেকের কাছে এটি শুধু একটি সুন্দর দৃশ্য। কিন্তু মনোবিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সূর্যাস্ত দেখা কেবল চোখের আরামই দেয় না, এটি মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রকৃতির সঙ্গে কয়েক মিনিটের এই সংযোগ আমাদের মস্তিষ্ককে ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নেওয়ার সুযোগ দেয় এবং মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে।
মানসিক চাপ কমাতে
দিনভর অফিসের কাজ, যানজট, মোবাইল ফোনের পর্দা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অসংখ্য তথ্যের চাপে আমাদের মস্তিষ্ক প্রায় সারাক্ষণই সক্রিয় থাকে। এই নিরবচ্ছিন্ন মানসিক চাপের মাঝে সূর্যাস্তের মতো ধীর, শান্ত ও রঙিন একটি প্রাকৃতিক দৃশ্য মনকে কিছুক্ষণের জন্য থামতে শেখায়। তখন অতীতের ভুল বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মন সরে এসে বর্তমান মুহূর্তকে অনুভব করার সুযোগ পায়।
বিভিন্ন গবেষণায়ও দেখা গেছে, প্রকৃতির সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমাতে এবং মানসিক সুস্থতা বাড়াতে সাহায্য করতে পারে। মনোবিজ্ঞানীদের মতে, সূর্যোদয়ের মাধ্যমে যেমন দিনের শুরু হয়, তেমনি সূর্যাস্ত দিনের সমাপ্তির একটি স্বাভাবিক সংকেত। যখন মানুষ এই প্রাকৃতিক ছন্দের সঙ্গে নিজের জীবনযাপনকে মিলিয়ে নিতে শেখে, তখন প্রকৃতির সঙ্গে তার একটি মানসিক সংযোগ তৈরি হয়। এর ফলে নিজের জীবন, কাজ এবং ব্যক্তিগত সুস্থতার প্রতিও সচেতনতা বাড়ে।
মন শান্ত হয়
সবুজ গাছপালা, নদী, পাহাড় কিংবা রং বদলানো আকাশ মানুষের স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করতে পারে। সূর্যাস্ত দেখা সেই অভিজ্ঞতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। কয়েক মিনিট নীরবে সূর্যাস্ত দেখলে অনেকের উদ্বেগ কমে, মন শান্ত হয় এবং মানসিক প্রশান্তি ফিরে আসে। সারাদিনের ক্লান্তির পর এটি এক ধরনের প্রাকৃতিক মানসিক বিশ্রাম হিসেবেও কাজ করতে পারে।
নিজের অস্তিত্বকে নতুনভাবে অনুভব করা যায়
বিশাল আকাশের নিচে সূর্যকে ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যেতে দেখার সময় অনেকেই নিজের জীবনকে নতুনভাবে উপলব্ধি করেন। দৈনন্দিন ব্যস্ততার বাইরে এসে মানুষ নিজের অস্তিত্ব, অনুভূতি ও জীবনের মূল্য সম্পর্কে আরও সচেতন হতে পারেন। মনোবিজ্ঞানীরা মনে করেন, এই আত্ম-উপলব্ধি মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।
ঘুমের ছন্দ ঠিক রাখতে সাহায্য করতে পারে
আমাদের শরীরে একটি প্রাকৃতিক জৈবঘড়ি বা সার্কাডিয়ান রিদম কাজ করে, যা আলো ও অন্ধকারের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। সন্ধ্যায় আলো কমে এলে শরীর ধীরে ধীরে বিশ্রামের প্রস্তুতি নিতে শুরু করে। এ সময় নিয়মিত কিছুক্ষণ খোলা আকাশের নিচে থাকলে শরীর সহজেই বুঝতে পারে যে ঘুমের সময় ঘনিয়ে এসেছে। ফলে রাতে ঘুমের ছন্দ বজায় রাখতে এটি সহায়ক হতে পারে।
উদ্বেগকে ছোট মনে হতে পারে
মনোবিজ্ঞানে 'অ' নামে একটি অনুভূতির কথা বলা হয়। যখন মানুষ বিশাল, সুন্দর বা অভিভূত করা কোনো দৃশ্যের সামনে দাঁড়ায়, তখন নিজের ব্যক্তিগত সমস্যা তুলনামূলক ছোট বলে মনে হতে পারে। সূর্যাস্ত সেই ধরনের অনুভূতি তৈরি করতে পারে। এতে মানসিক চাপ কিছুটা হালকা লাগে এবং ইতিবাচক চিন্তা করার প্রবণতা বাড়তে পারে।
ডিজিটাল বিরতি নেওয়ার সহজ উপায়
বর্তমানে দিনের বড় একটি সময় মোবাইল, কম্পিউটার বা টেলিভিশনের পর্দার সামনে কাটে। সূর্যাস্ত দেখার অভ্যাস প্রতিদিন কয়েক মিনিটের জন্য হলেও স্ক্রিন থেকে দূরে থাকার সুযোগ করে দেয়। এই ছোট্ট বিরতি চোখের ক্লান্তি কমানোর পাশাপাশি মনকেও কিছুটা স্বস্তি দিতে পারে।
আরও পড়ুন
যারে দেখি লাগে যে ভালো, কিন্তু কেন?
দিনে মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় বের করে গোধূলির আকাশের দিকে তাকিয়ে থাকাও হতে পারে নিজের জন্য একটি সুন্দর উপহার। প্রকৃতির সঙ্গে এই ছোট্ট সংযোগ হয়তো জীবনের সব সমস্যা দূর করবে না, তবে ব্যস্ত দিনের শেষে মনকে শান্ত, প্রশান্ত এবং নতুন দিনের জন্য প্রস্তুত হতে অবশ্যই সাহায্য করতে পারে।
আরও পড়ুন
প্রিয়জনের স্পর্শ যেভাবে কমিয়ে দিতে পারে মানসিক কষ্ট
সূত্র: বিবিসি, সাইকোলজি টুডে
এসএকেওয়াই








